বিএনপি’র মনোনীত হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের কাছে ধানের শীষ বিক্রি করে দিয়েছে। তাই লজ্জাজনকভাবে এবারে এই আসনে হাবিবের ধানের শীষের জামানত বাজেয়াপ্ত হবে। ঈশ্ব্বরদী উপজেলা বিএনপি বাতিল এবং পৌর বিএনপি স্থগিত করার প্রতিবাদে শনিবার বিকেলে পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত তৃণমূল বিএনপি’র সমাবেশে বাতিলকৃত উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ শামসুদ্দিন মালিথা একথা বলেছেন। এর আগে ঈশ্বরদী রেলগেটস্থ কার্যালয় হতে নেতাকর্মীরা হাবিবের বিরুদ্ধে বিশাল ঝাড়ু মিছিলে নানা শ্লোগান দেয় এবং মিছিল শেষে হাবিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বক্তারা এসময় হাবিবের কথায় কেন্দ্রের অগণতান্ত্রিকভাবে ঈশ্বরদী উপজেলা বিএনপি বাতিল এবং পৌর বিএনপি স্থগিতের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এসময় তৃণমূলের মনোনীত ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, পৌর বিএনপি’র সভাপতি আকবর আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, আমিনুল ইসলাম কেনেডি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তৃণমূলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।