অভিশংসনের বিচার

সিনেটে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ট্রাম্পের পক্ষে বিপক্ষের আইনজীবীরা

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচারে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেছেন রিপাবলিকানরা। এবার ডেমোক্র্যাট ও প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা সিনেটে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় গতকাল বুধবার থেকে তাদেরকে সিনেটরদের প্রশ্ন করার কথা। এদিকে এক জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ মার্কিনী সিনেটে সাক্ষী উপস্থিত করার পক্ষে। খবর রয়টার্সের

উভয় পক্ষকে করা প্রশ্ন পড়ে শোনাবেন সিনেটে বিচার কাজে সভাপতিত্বে করা প্রধান বিচারপতি জন রবার্টস। বুধবার ও বৃহস্পতিবার উভয় পক্ষের আইনজীবীরা ৮ ঘন্টা করে সময় পাবেন। তবে উত্তর দেওয়ার ক্ষেত্রে সময়সীমা বেধে দেওয়া হয়নি। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর শুক্রবার থেকে সিনেটে নতুন করে সাক্ষী উপস্থিত করা হবে কিনা সেই বিষয়ে বিতর্ক শুরু হবে। এরই মধ্যে সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, তার কাছে মনে হচ্ছে সাক্ষী হাজির করতে বাধা দেওয়ার প্রয়োজনীয় সমর্থন হয়তো তাদের নেই। ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে ডেমোক্রেট দলের হোয়াইট হাউজের প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাইডেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের আহ্বান জানিয়েছেন, যার ছেলে হান্টার ইউক্রেনের জ্বালানী ফার্ম বুরিশমার একজন বোর্ড সদস্য। তা নাহলে তিনি সামরিক সহায়তা স্থগিত রাখার কথা বলেন। দ্বিতীয় অভিযোগ, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউজের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান, যার মাধ্যমে ট্রাম্প কংগ্রেসকে বাধা দেন।