ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ বিএনপির মূল টার্গেট নয়। নির্বাচন কমিশনকে বিতর্কিত এবং আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—এ দুই ইস্যুকে প্রতিষ্ঠা করাই তাদের মূল টার্গেট। নির্বাচনের মাধ্যমে বিএনপি নিম্নচাপ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছে ১৪ দল। বুধবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ১৪ দলের পক্ষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে তিন জন নির্বাচন কমিশনারসহ ইসির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।’
তার দাবি, ১ ফেব্রুয়ারি বিশ্ব অবাক হয়ে দেখবে, শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যেন সম্ভব না হয় সে জন্য আগাম ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান দিলীপ বড়ুয়া।