গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ‘মাই বিডিইউ’ মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেয়। দেশ এখন প্রায় ডিজিটাল হয়ে গেছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে ক্ষমতায় এসে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করার ঘোষণা দেয়। বর্তমান সরকার ৪র্থবারের মতো ক্ষমতায় এসে ডেল্টাপ্ল্যান ঘোষণা করেছে, যা ২১০০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। আর এসব অর্জন করতে হলে আমাদের দক্ষ মানবসম্পদ লাগবে। সেই বিবেচনায় প্রধানমন্ত্রী ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আর দক্ষ মানবসম্পদ তৈরি করাই হচ্ছে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের দ্বিতীয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.আশরাফ উদ্দিন, অধ্যাপক আখতারুজ্জামান, মুহাম্মদ শাহীনূল কবীর প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহিদুল ইসলাম শিমুল জানান, ‘মাই বিডিইউ’ মোবাইল অ্যাপের মাধ্যমে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর থেকে পাশ করে বের হয়ে যাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল কাজ এ অ্যাপ দিয়ে সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীর বেতন, পরীক্ষার ফি পরিশোধ, পরীক্ষার ফলাফল দেখা, সেমিস্টার রেজিস্ট্রেশনসহ সকল প্রকার সুযোগ-সুবিধা পাবে এই অ্যাপসের মাধ্যমে। শিক্ষার্থীদের টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যেতে হবে না, অ্যাপস দিয়ে ঘরে বসেই ব্যাংকের কাজ করতে পারবেন।