গাজীপুরের শ্রীপুরে লাউশাক দেওয়ার কথা বলে ঘরে আটকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নির্যাতিতার বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ ধর্ষককে এখনো গ্রেফতার করতে পারেনি। নির্যাতনের শিকার কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, চাওবন গ্রামের ঐ মেয়েটিকে (১৪) একই এলাকার সুলতানের ছেলে মো. আক্তার হোসেন (৩৫) লাউশাক দেওয়ার কথা বলে তাদের বাড়িতে নিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে। পরে ঐ কিশোরীকে এ ঘটনা কাউকে জানালে ধারাল অস্ত্র দেখিয়ে হত্যার ভয় দেখায়। কিশোরীর চিত্কার শুনে তার মা গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস আই আশরাফুল্লাহ জানান, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামিকে ধরতে অভিযান চলছে।