মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামে মুক্তা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ গতকাল বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। মুক্তা বেগম ঐ গ্রামের আলীম হোসেনের স্ত্রী।

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে ঐ গৃহবধূ আত্মহত্যা করতে পারে। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।