কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত ইবি থানাধীন হরিনারায়ণপুর গ্রামে মাদকের টাকা না পেয়ে স্ত্রী শাহানারাকে (২৪) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী আওয়াল। স্ত্রীকে হত্যার পর সে তার মাকেও উপর্যুপরি কুপিয়ে জখম করেছে। গতকাল বুধবার পৈশাচিক এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ খুনি আওয়ালকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, হরিনারায়ণপুর বাজার সংলগ্ন এলাকার করিম বিশ্বাসের ছেলে নেশাগ্রস্ত আওয়াল মাদকের টাকা না পাওয়ায় স্ত্রীর সঙ্গে বিরোধ ও ঝগড়া শুরু করে। এ ঘটনার জের ধরে পিতামাতা ও স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নেশার জন্য উন্মত্ত আওয়াল ধারাল হাসুয়া দিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে আওয়ালের স্ত্রী শাহানারা ঘটনাস্থলেই নিহত এবং মা জোবেদা খাতুন (৬০) গুরুতর জখম হন। ঘটনার পর মা জোবেদা খাতুনকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত আওয়ালকে পুলিশ গ্রেফতার করেছে। নেশার টাকা না পেয়ে উন্মত্ত আওয়াল পৈশাচিক এ ঘটনাটি ঘটিয়েছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকের টাকা ছাড়াও হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ক্লু উদ্ধারসহ শিগগিরই আসামিকে আইনের কাছে সোপর্দ করা হবে বলে ওসি জানান।