সেনবাগে গ্রেফতারের ছয় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আনোয়ার হোসেন ইউছুফ (৪৪) নিহত হয়েছেন। এ ঘটনায় এস আই জসিমসহ তিন জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। ইউছুফ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে সাতটি ডাকাতি, দুইটি চুরি, তিনটি ডাকাতি প্রস্তুতিসহ মোট ১২টি মামলা রয়েছে। ইউছুফ সেনবাগের পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের অলি উল্যাহর ছেলে। সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডাকাত সর্দার আনোয়ার হোসেন ইউছুফকে বেগমগঞ্জের জমিদারহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যমতে পুলিশ তাকে নিয়ে একই দিন রাত ৩টার দিকে সেনবাগ উপজেলার বীরকোর্ট গ্রামে অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেফতারে যান।
এ সময় অন্য ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পালটা গুলি ছোড়ে।