দুর্বৃত্তের হুমকিতে এলাকা ছাড়া বৃদ্ধ মুক্তিযোদ্ধা

দুর্বৃত্তের হুমকিতে পরিবার নিয়ে এলাকা ছাড়া হয়ে পড়েছেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম খান। তার পৈতৃক সম্পত্তি দখল করতে দুর্বৃত্তরা একের পর এক হুমকি দিয়ে ভিটেমাটি ছাড়া করেছে তাকে। হুমকির মুখে গত ১৫ দিন ধরে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ভূমিদস্যুদের কাছ থেকে পৈতৃক জমি পুনরুদ্ধার এবং নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জাতীয় প্রেসক্লাবের সামনে স্ত্রী ও দুই মেয়েসহ পরিবার নিয়ে আমরণ অনশনে বসেছেন এই বীর মুক্তিযোদ্ধা।

জানা গেছে, মো. জাহাঙ্গীর আলম খান একজন সরকারি গেজেটেড ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার গেজেট নং-৪০১। তার বাড়ি ঝালকাঠির পিপলিতা গ্রামে। গত মঙ্গলবার তিনি জানান, ভূমিদস্যুর কাছ থেকে ভিটেমাটি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আগ পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় ভূমিদস্যু আব্দুল খালেক ডাকুয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে তার পৈতৃক সহায়-সম্পত্তি দখল করে নিয়েছে। তিনি এখন আর বাড়িতে যেতে পারছেন না। তার কোনো ছেলে সন্তান নেই। তারা তার চার মেয়েকে হুমকি দিচ্ছে। তাদের নামে কুত্সা রটাচ্ছে। ভিটেমাটি ছাড়া হয়ে তিনি বাধ্য হয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।