পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে চীনের চলমান ১৪ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই যারা বাংলাদেশে ফিরে আসবেন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। গতকাল বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমরা কোনো দেরি করছি না। চীন রাজি হলেই বাংলাদেশিদের ফিরিয়ে আনব। এজন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি। তবে যারা আগেই চলে আসবেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। যাতে করে ভাইরাসটি অন্যত্র ছড়িয়ে না পড়ে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফ্লাইট প্রস্তুত করে রেখেছি। তবে চীনা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, তারা (পরিস্থিতি) দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে। এরপর মানুষজনকে যেতে দেবে। চীনে থাকা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য সরকার তালিকা করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে ফরম পাঠানো হয়েছে। তারা নিবন্ধন শুরু করেছে।
প্রসঙ্গত মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়। ইতিমধ্যে এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। উহানে এখন প্রায় ৫০০ বাংলাদেশি ছাত্রছাত্রী রয়েছে। আলজাজিরার এক খবরে বলা হয়েছে, চীনে অবস্থানরত পাকিস্তানের চার শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।