অ্যামটবের নতুন সভাপতি মাহাতাব

মোবাইল ফোন অপারেটর রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হলেন মাহতাব। গতকাল বুধবার অ্যামটবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলালিংকের সিইও এরিক অস এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। নতুন সভাপতি মাহাতাব বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে এমন একটি শিল্পের নেতৃত্ব দানের সুযোগ পেয়ে আমি গর্বিত। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ডিজিটাল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে বলে আমি আনন্দিত।

এরিক অস বলেন, এবারের মেয়াদে অ্যামটবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। বিশাল করের বোঝা এবং রেগুলেটরি চ্যালেঞ্জ সত্ত্বেও  টেলিযোগাযোগ শিল্প ডিজিটাল সমাজ গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের আরো অগ্রগতি নিশ্চিত করতে আমাদের সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশে সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণ করব আমরা।

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন ও অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।