সিটি নির্বাচনে নৌকার পক্ষে জেপির প্রচার

সিটি করপোরেশন মেয়র নির্বাচনে ঢাকা উত্তর ১৪ দলের সমন্বয়ক এবং জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গতকাল বুধবার গুলশান-২ ডিএনসিসি মার্কেট, কাঁচা বাজার ও গুলশানে বিভিন্ন বাণিজ্যিক ভবন এবং আবাসিক এলাকায় ১৪ দলসমর্থিত প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে প্রচারণা চালান। এসময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আউলাদ জান চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সচিব রফিকুল ইসলাম, নূরুল হুদা ও ১৪ দলের বিপুলসংখ্যক কর্মী।

নেতৃবৃন্দ ঢাকা উত্তর সিটি করপোরেশকে একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করার জন্য আতিকুল ইসলামের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় শেখ শহীদুল ইসলাম বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের জন্য নৌকার বিকল্প নেই। এছাড়া জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবুর নেতৃত্বে জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের মিরপুর মাজার রোড এবং ১২, ১৩, ১৪ নম্বর ওয়ার্ডের  বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার চালানো হয়। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুল ইসলাম তপন ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ১৪ দলের নেতাকর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন।

জেপির ভাইস চেয়ারম্যান আলহাজ আবদুল আলীর নেতৃত্বে উত্তরার ৫,৭ ও ৯ নম্বর সেক্টরের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নির্বাচনি প্রচার চালানো হয়। এসময় নৌকার পক্ষে প্রচারপত্র বিলি করা হয় এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। শ্যামপুরে জেপি নেতা ওকিল আহমেদ ওকালের নেতৃত্বে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচনি প্রচার চালানো হয়।