ডাক্তার ছাড়াই চলছে বরকল স্বাস্থ্য কমপ্লেক্স!

দুর্ভোগে রোগীরা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন ধরে কোনো ডাক্তার নেই। রোগীদের চিকিত্সা সেবা নিতে হচ্ছে নার্স, ওয়ার্ড বয় ও নৈশ প্রহরীদের কাছ থেকে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও চিকিত্সা নিতে আসা সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর মাসের প্রায় সময় অফিসের কাজে ও প্রশিক্ষণে বাইরে থাকেন। এরপরে মেডিক্যাল অফিসার ডা. দীপংকর তংচঙ্গ্যা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আর ডা. পম্পী চাকমা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিপুটেশনে রয়েছেন। ডা. শিব্বির আহমেদ (আরএমও) ডেন্টাল সার্জন ডা. মো. ইব্রাহিম দু’জনে পালাক্রমে কর্মস্থলে দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা গত ৬ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকায় প্রায় রোগীদের রাঙ্গামাটি জেনারেল হাসাপাতালে প্রেরণ করা হচ্ছে। আবার যেসব রোগী জেলা সদরে আসতে চান না তাদেরকে বাধ্য হয়ে নার্স, ওয়ার্ড বয় ও নৈশ প্রহরীদের কাছ থেকে চিকিত্সা সেবা নিতে হচ্ছে। এ ছাড়াও ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে লেবার রুম থাকলেও কোনো গাইনী বিশেষজ্ঞ নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের মধ্যে তিনজন বদলি। দুইজন জেলা সদরে ডিপুটেশনে নেওয়ার কারণে ডাক্তারের সংকট দেখা দিয়েছে। ডাক্তার সংকটের ব্যাপারে জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে।

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটের বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সহিদ তালুকদার জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।