প্রকল্পের টাকা অপব্যবহার

ইডকলকে বাংলাদেশ ব্যাংকের শোকজ

আইন ভঙ্গ করায় ব্যাংক বহির্ভূত সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডকে (ইডকল) শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন দাতাসংস্থা থেকে প্রকল্প অর্থায়নের জন্য প্রাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল দেশের ব্যাংকে এফডিআর রাখার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তারই পরিপ্রেক্ষিতে ইডকলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক শোকজ চিঠি পাঠায় প্রতিষ্ঠানটিতে।

এ বিষয়ে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক বলেন, এ বিষয়ে আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে জবাব দিয়েছি। আশা করছি বিষয়টি সমাধান হয়ে যাবে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

জানা যায়, গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের শোকজের জবাব দিয়েছে ইডকল। এতে আইন লঙ্ঘনের কথা স্বীকারও করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসতে চায় তারা। জানা গেছে, বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও কেএফডাব্লিউ থেকে প্রকল্প অর্থায়নের জন্য তহবিল পেয়ে থাকে ইডকল। এসব তহবিলের বেশির ভাগের মেয়াদ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছর। সর্বশেষ হিসাবে দেশের কয়েকটি ব্যাংকে এনএফসিডি (নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট) হিসাবে ১১০ মিলিয়ন ডলার খাটানো আছে। এর মধ্যে ৫৪ মিলিয়ন ডলারই সরকারি একটি ব্যাংকে রাখা আছে। নিয়মানুযায়ী প্রকল্পের অর্থ প্রজেক্ট বাস্তবায়নকারী পার্টনার ব্যাংকে চলতি হিসাবে রাখার কথা, যাতে বিভিন্ন শিডিউল অনুযায়ী ব্যবহার করা সম্ভব হয়। এখান থেকে কোনো সুদ নেওয়ারও নেই। তবে অব্যবহূত তহবিল সে অন্য কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করতে পারত। তবে সে কাজ না করে বিভিন্ন ব্যাংকে এফডিআর করে সুদ নিয়ে আসছিল ইডকল, যা বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক বিনিময় লেনদেন আইনের পরিপন্থি।

বাংলাদেশ ব্যাংক বলছে, ইডকলকে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রাধিকার দেওয়া হলেও ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইন ১৯৪৭ এবং ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন আইন-২০১৮-এর পরিপালন থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তাই সার্বিক বিবেচনায় ইডকলের সুদবাহী হিসাব খোলা বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংক অনুসন্ধানে পেয়েছে যে, ২০১৬ সাল থেকেই ইডকলের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি একটি ব্যাংক নিয়মিত এনএফসিডি (সুদবাহী ও মেয়াদি বৈদেশিক মুদ্রা হিসাব) খুলে আসছে।