হায়দরাবাদের ডাকে বাংলাদেশ ছাড়ছেন ভিল্লাভারায়ন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস সচেতনতার ওপর জোর দেওয়ার শুরুটা যার মাধ্যমে, সেই মারিও ভিল্লাভারায়ন এবার বাংলাদেশ অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন।

তার হাত ধরে ক্রিকেটারদের ফিটনেসে অনেক পরিবর্তন এসেছে। গত ছয় বছরে বাংলাদেশ দলের নিয়মিত মুখ এই লঙ্কান ট্রেনার। তবে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের ট্রেনার হওয়ার প্রস্তাব পেয়ে সুযোগটা হাতছাড়া করেননি ভিল্লাভারায়ন।

হায়দরাবাদের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে তার। গত বৃহস্পতিবার বিসিবিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রও দিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজটাই টাইগারদের ড্রেসিংরুমে ভিল্লাভারায়নের শেষ সিরিজ হতে যাচ্ছে।

মারিও ভিল্লাভারায়ন ২০১৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। কোচিং স্টাফের সদস্য হিসেবে তার সঙ্গে যোগ দেওয়া সবাই বিসিবি ছেড়ে গেছেন। এই লঙ্কান ট্রেনার টিকে ছিলেন। ২০১৯ বিশ্বকাপের পর ভিল্লাভারায়নের সঙ্গে তৃতীয়বার চুক্তি নবায়ন করেছিল বিসিবি। এবার অবশ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন তিনি।

হায়দরাবাদের তাঁবুতে যাওয়ার জন্য বিসিবির চাকরি ছাড়া সম্পর্কে মারিও ভিল্লাভারায়ন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আমি সানরাইজার্স হায়দরাবাদ থেকে অফার পেয়েছি। এবং এটা খুব ভালো সুযোগ আমার জন্য, যেখানে না বলা কঠিন। আমি অবশ্যই বাংলাদেশকে মিস করব। ছয় বছর হয়ে গেল এখানে।’

ভিল্লাভারায়ন এখনই বাংলাদেশ ছাড়তে চাননি। হায়দরাবাদের সঙ্গে চুক্তি করলেও তার চাওয়া ছিল আইপিএলের সময় ছুটি। আইপিএলে কাজ করার সুযোগ পেলে থেকে যেতেন তিনি। কিন্তু জাতীয় দলের বিশেষজ্ঞ কোচদের বাইরের লিগে কাজ করার সুযোগ দেয় না বিসিবি। তাই ভিল্লাভারায়নকেও সেই সুযোগ দেওয়া হয়নি। অগত্যা ছয় বছরের সম্পর্ক চুকে-বুকে চলে যাচ্ছেন এই লঙ্কান।

ভিল্লাভারায়নের পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘সে চেয়েছিল শুধু ওই সময়টুকু। ঐভাবে তো আমরা সময় দিতে পারব না। যেহেতু দিতে পারব না, তাই তাকে ছেড়ে দিতে হবে। আমরা পারস্পরিক সমঝোতা এসেছি। ও আইপিএলে চলে যাচ্ছে। ওর জন্য একটা নতুন সুযোগ। আমরা আমাদের পলিসির বাইরে যাবো না। আমরা কোনো সাপোর্ট স্টাফকে কোনো ঘরোয়া লিগের জন্য ছাড়ি না। কোচদের সঙ্গে আমাদের চুক্তিটাই ঐভাবে হয়।’