দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। এই ফুরফুরে অবস্থায় তাদের জন্য খারাপ খবর নিয়ে এলেন জোফরা আর্চার। টেস্ট সিরিজের সিংহভাগ মিস করার পর এবার তিনি থাকছেন না তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনি থাকছেন না কনুইয়ের ইনজুরির কারণে।
মঙ্গলবার বিকালেই আর্চার ইংল্যান্ডে ফিরে গেছেন। সর্বশেষ অনুশীলনে এই কনুইতে চোট পাওয়া এই ফাস্ট বোলার এখন চিকিত্সা করাবেন ও মাঠে ফেরা নিয়ে কাজ করবেন। আপাতত তার কনুই ফুলে আছে বলে জানা গেছে। এই ইনজুরির ফলে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট মিস করেন আর্চার। এরপর আবার অনুশীলনে আঘাত পেলে চতুর্থ টেস্টও মিস করেন। কাকতালীয়ভাবে এই তিনটি টেস্টই জিতেছে ইংল্যান্ড।
আর্চার এই দক্ষিণ আফ্রিকা সফরে কেবল প্রথম টেস্টই খেলতে পেরেছিলেন। সেঞ্চুরিয়নে সিরিজের সেই প্রথম টেস্টে ১০৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই ক্যারিবিয়ান। অবশ্য সেই টেস্ট হেরেছিল ইংল্যান্ড।
আর্চার ওয়ানডে দলে ছিলেন না। ফলে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে তাকে মিস করার কারণ নেই। তিনি ছিলেন টি-টোয়েন্টি দলে। সেখানে তার বদলে দলে থেকে যাবেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ। সাকিব ছিলেন শুধু ওয়ানডে দলে।
দুটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলার পর তিনটি ওয়ানডের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এরপর তারা খেলবে তিন ওয়ানডের একটি সিরিজ।