কোচ য়ুর্গেন ক্লপ জানিয়েছেন লিভারপুল ইতিহাস গড়ার চেষ্টায় উদ্বুদ্ধ নয়। যদিও গত বুধবার রাতে ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে জিতে দলটি ইংলিশ প্রিমিয়ার লিগকে আরো একপেশে করেছে।
লিভারপুল এ জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে ১৯ পয়েন্টে এগিয়ে থাকল। এটি ছিল চলতি মৌসুমে লিগের ২৪ খেলায় ২৩তম জয়। মোহামেদ সালাহ প্রথমার্ধ্বে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন। এরপর অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেনের গোলে লিগে টানা ১৫তম জয় তুলে নেয় লিভারপুল। ২০১৭ সালে যোগ দেওয়ার পর লিভারপুলে এ নিয়ে প্রিমিয়ার লিগে ৬৬ গোল করলেন সালাহ।
ম্যানচেস্টার সিটি বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। কিন্তু কোচ পেপ গার্দিওলার দল এত পেছনে যে এখন প্রশ্ন ১৯৯০-এর পর প্রথম লিগ শিরোপাটি তুলে নিতে লিভারপুল আর কত সময় নেবে। হাতে আছে আরো ১৪টি খেলা।
যে গতিতে লিভারপুল এগোচ্ছে তাতে নতুন ইতিহাস রচিত হওয়ার কথা। কিন্তু ক্লপের চিন্তা কেবলই শিরোপা জয়ের প্রান্ত ছোঁয়া। এর সঙ্গে যদি ইতিহাস গড়ে ওঠে তবে সেটা হবে কেকের ওপরে পড়া চেরির মতো।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রেকর্ড নিয়ে বেশি ভাবছি না। ডর্টমুন্ডে আমাদের একটা রেকর্ড ছিল এবং বায়ার্ন পরের মৌসুমেই এটা ভেঙে ফেলে। আমি একঘেয়েমিতে পড়তে চাই না। আমরা স্রেফ সেভাবে ভাবছি না।’
ইউরোপীয় ও বিশ্ব চ্যাম্পিয়ন লিভারপুল লিগে এখন ৪১ খেলায় অপরাজিত আছে। ২০০৩ ও ২০০৪ সালের অপ্রতিরোধ্য আর্সেনালের ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি থেকে ক্লপের দল আটটি দূরে আছে। সে রেকর্ডের পাশাপাশি ম্যানচেস্টার সিটির ১০০ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জেতার নজিরটিও এখন লিভারপুলের নাগালের মধ্যে।
কেননা ২৪ খেলা শেষে লিভারপুল এখন ৭০ পয়েন্টে দাঁড়িয়ে। অপরদিকে ক্লপের জন্য এটা ছিল লিভারপুল কোচ হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫০তম জয়। তার অধীনে এছাড়াও দলটি ৫৮ খেলায় ড্র করেছে। হেরেছে ৩৯টিতে।
ইউনাইটেডের কাছে হেরেও ফাইনালে সিটি
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেও কারাবাও কাপের ফাইনালে উঠেছে।
সিটি প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে ছিল। তাই সিটি গত বুধবার রাতে ১-০ গোলে হারলেও কোনো সমস্যা হয়নি। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধান নিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দেয় কোচ পেপ গার্দিওলার দল। সিটিকে নিয়ে কেবল তিনটি ক্লাব টানা তৃতীয়বার কারাবাও কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল। গার্দিওলার দল ১ মার্চ ওয়েম্বলিতে অ্যাস্টন ভিলার সঙ্গে শিরোপার জন্য লড়বে।