বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

লালমনিরহাটের স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট বালক ও বালিকা দল। 

গত বুধবার বিকালে রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লালমনিরহাটের পাটগ্রাম পশ্চিম জগেবড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ৫-০ গোলে গাইবান্ধার পলাশবাড়ী রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে রংপুরের বদরগঞ্জ জামুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ৩-০ গোলে হারিয়ে একই কৃতিত্ব দেখায়  লালমনিরহাটের পাটগ্রাম টেপুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে দল দুটিকে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়। বিজয়ী দল দুটি জাতীয় পর্যায়ে অংশ নেবে।