হাতটান আছে কারো বাজে অভ্যাস
টুপ করে টোপ গিলে করে হাঁসফাঁস।
সাবধান হয়ে যাও, পুলিশের হাত—
ছুঁয়ে দিলে একেবারে হবে কুপোকাত।
আইনেরও হাতবড়ো! খুব ঘোরপ্যাঁচ
গ্যারাকলে পড়লেই কাটে ক্যাঁচক্যাঁচ।
হাতবড়ো হলে হও হাজী মহসীন
দান করো তাঁর মতো শুধু রাতদিন।
পাকাহাত লোকগুলো থাকে চুপচাপ
কাঁচাহাতে লাফালাফি ভাঙে ধুপধাপ।
ডানহাত আছে মানে আমি নির্ভয়
ভাবনার নেই কিছু জানি নিশ্চয়।
বামহাত ঢুকে গেলে কাজ ভণ্ডুল
চোখে দেখি সাতরং সরিষার ফুল।
সমাজের কালোহাত রুখে দেয়া চাই
সরিষায় ভূত হলে আশা খামোখাই।