খুলনায় বৈধ অস্ত্র জমা দিতে গণবিজ্ঞপ্তি

খুলনা অফিস

আগামীকালের মধ্যে সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানা অথবা জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে খুলনার জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জমাকৃত অস্ত্র আগামী ৬ জানুয়ারি পর্যন্ত জমা থাকবে। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্দেশনা মোতাবেক এই আদেশ নিম্নবর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যথা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ; সরকারি কর্মকর্তাবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধাসরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরী। জমাকৃত অস্ত্র আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট থানা অথবা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে জমা থাকবে।