সদরপুর (ফরিদপুর ) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের (স্বতন্ত্র) প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সিংহ মার্কার সমর্থনে শনিবার অনুষ্ঠিত নির্বাচনী সভায় মানুষের ঢল ছিল। উপজেলার ৫নং ভাষাণচর ইউনিয়নের কারীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী নিক্সন বলেন, গত নির্বাচনে আমাকে না দেখে জনগণ ভোট দিয়েছে, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দেবেন এলাকার উন্নয়ন ও জনগণের মূল্যায়ন দেখে।
তিনি আরো বলেন, গত ৫ বছরে আমার জীবন যৌবন বিসর্জন দিয়ে ফরিদপুর-৪ আসনের জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে এনেছি, মানুষের সার্বিক উন্নয়ন করেছি। নদী ভাঙন কবলিত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে আমাকে নির্বাচিত করলে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলাকে আমি মডেল উপজেলায় উন্নীত করব। ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারীর সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী মুরাদ, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ভাষাণচর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান মাইনউদ্দিন মোল্লা প্রমুখ।
পরে মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভায় যোগ দেন। এ সময় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী, সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু জাফর আকাশের নেতৃত্বে নিক্সন চৌধুরীর সমর্থনে তার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।