‘তামাক কোম্পানি থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের প্রস্তাব করা হবে’

তামাক কোম্পানি থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, এমপি। গতকাল সিরডাপ মিলনায়তনে ‘তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারে করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে-২০২০ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রর এই জাতীয় সংলাপের আয়োজন করে।

ডেপুটি স্পিকার বলেন, ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত তামাক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানি থেকে সরকারের ৯.৪৯ শতাশং শেয়ার প্রত্যাহার করার জন্য প্রস্তাব দেওয়া হবে। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সুপ্রর চেয়ারপার্সন আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আখতার, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান ও এনজিও ব্যুরোর প্রকল্প পরিচালক গকুল কৃষ্ণ ঘোষ।

এ ছাড়া প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, শ্যামল দত্ত এবং আবু জাফর সূর্য্য। সভায় ধারণা পত্র উপস্থাপন করেন সুপ্রর প্রকল্প কর্মকর্তা জায়েদ আহমেদ সিদ্দিকী।