বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল :প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। ঐ অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, প্রতি বছর আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব বিচারপতিকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদক যারা আছেন তারা পূজা উদ্যাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, হাইকোর্টের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি  অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।