কূটনীতিকদের দায়িত্ববোধ থাকা উচিত, নইলে চলে যেতে বলব :পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সম্প্রতি বিদেশি কূটনীতিকরা ব্রিটিশ হাইকমিশনে মিলিত হয়েছেন। সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের এ ধরনের আচরণ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, কূটনীতিকরা নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছেন, এটা উচিত নয়। তাদের কোড অব কন্ডাক্ট (আচরণবিধি) অনুসরণ করা উচিত এবং তাদের দায়িত্ববোধ থাকা উচিত।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন কতটা সুষ্ঠু হবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, এ নির্বাচন হবে আদর্শ নির্বাচন। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এটা হবে মডেল নির্বাচন। তিনি বলেন, আমরা আচরণবিধি করেছি। কূটনীতিকদেরও আচরণবিধি আছে। আমরা আশা করি, তারা আচরণবিধি অনুযায়ী কাজ করবেন। আচরণবিধি লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তাদের (কূটনীতিকদের) চলে যেতে বলব।

সম্প্রতি করোনা ভাইরাস ইস্যুতে চীনে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সরকার যখন তাদের অনুমতি দেবে তারা তখন দেশে আসবেন। এখন পর্যন্ত আমাদের হিসাবে ৩৭০ জন নাগরিক দেশে আসার জন্য তালিকাভুক্ত হয়েছেন। তাদের সংখ্যা বাড়তে পারে। তাদের আলাদাভাবে রাখতে হাসপাতালে বিশেষ আয়োজন করেছি। আনার পরে দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর। তবে আনন্দের বিষয় আমাদের কেউ আক্রান্ত হননি। মন্ত্রী জানান, আমাদের ১৫ নাগরিক আসবেন না। তাদের বক্তব্য, তারা দেশে ফিরলে যদি করোনা ভাইরাসে অসুস্থ হয়ে যান, তবে দেশের ক্ষতি। চীনের সঙ্গে যাতায়াত বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সেরকম কোনো পরিকল্পনা নেই।