খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের সদস্য নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে বগড়া চাকমা (৩৮) প্রকাশ অর্জুন চাকমা নামে ইউনাইটেড পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মাটিরাঙ্গার চৌদ্দখ্যপাড়া (সাপমাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। অর্জুন চাকমা ইউপিডিএফের পোস্ট পরিচালক এবং খাগড়াছড়ি  সদরের পেরাছড়ার বাজি চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের গুলিতে অর্জুন চাকমা নিহত হন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুঁইয়া বলেন, সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের তাজা গুলি এবং পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী  ঐ এলাকায় যৌথ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।