দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে চলমান ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে প্রকাশ্যে গুলি ছুড়েছেন এক বন্দুকধারী যুবক। গতকাল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পুলিশের সামনেই এই গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। গুলি ছোড়ার কয়েক মিনিট আগে ‘রামভক্ত গোপাল’ নাম ব্যবহার করে ঐ যুবক ফেসবুকে লাইভে আসে। বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে সে বলতে থাকে, ‘নে, মুক্তি নে’। গুলি ছুড়তে ছুড়তে সে পিছু হটতে থাকে। পিছু হটে সে সেদিকেই যাচ্ছিল, যেদিকে পুলিশ সদস্যরা অবস্থান করছিল।
জানা গেছে, গোপাল নামের ঐ যুবক উত্তর প্রদেশের গৌতম বুদ্ধনগর জেলার বাসিন্দা। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। ভিডিও ফুটেজে দেখা যায়, ঐ যুবকের গায়ে কালো বুলেট প্রুফ জ্যাকেট ছিল।—এনডিটিভি