ইত্তেফাককে ইশরাক হোসেন ঢাকার চেহারা বদলে দিতে চাই

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার সন্তান প্রকৌশলী ইশরাক হোসেন। আগামীকাল অনুষ্ঠিতব্য দক্ষিণ সিটির নির্বাচনে তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। বয়সে নবীন ইশরাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন ব্রিটেনের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে। গত তিন সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি মনে করেন ভোটাররা তার মধ্যে তার পিতার ছায়া দেখতে পাচ্ছেন। পিতার ইমেজ তাকে জনপ্রিয়তা দিয়েছে দ্রুত। ইশরাক বললেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তবে আমার বিজয় সুনিশ্চিত।

গতকাল  বৃহস্পতিবার ইত্তেফাককে দেওয়া একান্ত সাক্ষাতকারে ইশরাক আরো বলেন, ‘নগরবাসীর ভোটে নির্বাচিত হলে নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি তাদের কাছে জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেছি। তা আমি পূর্ণ করবো। ঢাকার চেহারা বদলে দিবো আমি।’ এ নির্বাচনে বিজয়ী হলে ইশরাক বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো আধুনিক নগর গড়ে তোলার জন্য সব রকমের উদ্যোগ নেবেন। ঢাকা শহরের বর্তমান সংকট নিরসনে বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ আর অভিজ্ঞদের মতামত নিয়ে সবার সমন্বিত প্রচেষ্টায় কাজ করবেন তিনি। নির্বাচনে তার স্লোগান ‘গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।’

নিজেকে পুরান ঢাকার সন্তান হিসেবে গর্ববোধ করে ইশরাক বলেন, এ এলাকার মানুষের ভাষা তিনি বুঝতে পারেন। যেমন বুঝতে পারতেন তার বাবা সাদেক হোসেন খোকা। তিনি যেমন সাধারণ মানুষের নেতা ছিলেন, তেমনি ইশরাকও সাধারণ জনগণের প্রতিনিধি হতে চান। সিটি করপোরেশন এলাকার জনগণের জন্য অবারিত দরজা খুলে তাদের সমস্যার সমাধান করার জন্যই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তাছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনি যুদ্ধকে বেছে নিয়েছেন তিনি।

সরকারের অনেক বাধা তাকে অতিক্রম করতে হবে উল্লেখ করে প্রকৌশলী ইশরাক বলেন, তার মনোবল অনেক দৃঢ়। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কখনও অন্যায়ের কাছে হার মানবেন না। এ জন্য তিনি তার বাবার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও নগরবাসীকে নিয়ে এগিয়ে যেতে চান। তার বাবা দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন নগরবাসীকে উপহার দিয়েছিলেন। মেয়র পদ থেকে তিনি চলে যাওয়ার পর ওই কার্যক্রমের ধারাবাহিকতা থাকলে আজকের ঢাকা তিলোত্তমা হতো।

তার কোনো উচ্চাভিলাষ নেই দাবি করে প্রকৌশলী ইশরাক বলেন, জনগণের কথা তুলে ধরতে চান, তাদের অধিকার নিয়ে সোচ্চার হতে চান। আর প্রিয় রাজধানী ঢাকার মানুষকে উপহার দিতে চান উন্নত বিশ্বের মতো একটি বাসযোগ্য ও দূষণমুক্ত নগরী। মেয়র হিসেবে বিএনপি কেন তাকে বেছে নিল- জানতে চাইলে তিনি বলেন, তরুণদের নেতৃত্বে আনার জন্য, তাদের মধ্যে দেশসেবার মন্ত্র জাগিয়ে তুলতে, প্রতিনিধিত্ব করতে, উদ্বুদ্ধ করতে তাকে মেয়র প্রার্থী হিসেবে পছন্দ করেছে দল। মেয়র পদে বিজয়ের সম্ভাবনা কেমন- জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং গণনা সুষ্ঠু হলে, পাশাপাশি ইভিএমে কোনো কারচুপি বা কারসাজি করা না হলে জয়ের বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত।