ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে বিএনপিসহ বিভিন্ন দলের শত শত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে অর্ধশত যুবদল নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর -বিজয়নগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। আর এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।
শ্রীবরদীতে অর্ধশত নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে বিএনপির অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের হাফেজ আব্দুর রহিমের বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠকে এসব নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুর রহিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইনতাছ আলী, সদস্য সুলতান নুরী, লাভলু সরকার, ইদ্রিস আলী, ধলা মিয়া, নাজমূল মিয়া, শহিদ আলম, সাইফুল ইসলামসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী।
সরিষাবাড়ীতে অর্ধ শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে পৌর বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. লুত্ফর রহমান মাসুমের শিমলা বাজারস্থ পাট গুদামের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। এ সময় বিএনপি নেতা শিমলা বাজারের মো. আ. রাজ্জাক, শিমলা পল্লী তাডিয়া পাড়ার আ. সালাম, শিমলা বাজারের মো. লেবু মিয়া, কামরাবাদ ইউপির সাবেক মেম্বার মো. সাইফুর ইসলামসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী। তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগে যোগদান করেন বলে জানান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, আইনজীবী মাহমুদুল হাসান মিন্টু, পৌর মেয়র রুকুনুজ্জামান রুকনসহ শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনার পর সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাবেক সাংসদ এবং সরিষাবাড়ী আসনে নৌকায় মনোনীত প্রার্থী ডা. মুরাদ হাসান যোগদানকারীদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
পুঠিয়া ও পবায় নেতাকর্মীর
আওয়ামী লীগে যোগদান
রাজশাহী : রাজশাহীর পুঠিয়া ও পবা উপজেলায় বিএনপির তৃণমূলের বেশকিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার তারা যোগদান করেন।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নান্দিপাড়ায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল। অনুষ্ঠানে শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা নুর মোহাম্মদ ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন দুলালসহ বিএনপির বেশকিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এতে শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম মোল্লা, সাধারণ সম্পাদক শুকুর প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শরিফুল ইসলামসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শুক্রবার বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিএনপির বেশকিছু তৃণমূলের নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। পবার আশরাফের মোড়ে আয়োজিত অনুষ্ঠানে হরিয়ান ইউপি আওয়ামী লীগ সভাপতি ইয়াছিল আলী মাস্টার যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিদুল, হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং নারী সদস্য বিএনপি নেত্রী রেশমা বেগম ও রাশেদা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক জেবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিবচরে দেড় শতাধিক নেতাকর্মীর
আওয়ামী লীগে যোগদান
শিবচর (মাদারীপুর): শিবচরে বিএনপি ও সহযোগী সংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় চরজানাজাত ইউনিয়নের ছিরু মিয়া হাটে এক পথসভায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকারের নেতৃত্বে চরজানাজাত বিএনপি-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও একইদিন দুপুরে কুতুবপুর ইউনিয়নে এক পথসভায় ভান্ডারীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা চাঁন মিয়া মাদবরের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। এ সময় আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটনের হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।