সাতক্ষীরা প্রতিনিধি ও কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল জানান, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না। এ অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর কলারোয়ায় ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি মারুফ আহমেদ। বক্তব্যে তিনি উপস্থিত দর্শকদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।