যশোর অফিস
যশোরে মদন অধিকারী (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশের মাঠ থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় সাজিয়ালি পুলিশ ফাঁড়ি। নিহত মদন অধিকারী পাশের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের বিমল অধিকারীর ছেলে।
স্থানীয়রা জানান, মদন অধিকারী যশোরের সাতমাইল, চুড়ামনকাঠি, চৌগাছা এবং কালীগঞ্জের বারোবাজার এলাকার বিভিন্ন তরকারির আড়াত শ্রমিকের কাজ করতেন। হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুণ্ডু বলেন, মদন অধিকারীর বাড়ি পাশের জেলা কালীগঞ্জে হলেও গলাকাটা লাশটি পড়ে ছিল যশোরের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করেছে সেটা তদন্ত করা হচ্ছে।