বিডি নিউজ টোয়েনটি ফোর ডটকম
সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উত্কর্ষতার লক্ষ্যে এডিটরস গিল্ড, বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত শুক্রবার এক সভায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আহ্বায়ক করে সংগঠনের প্রথম কমিটি করা হয়েছে। যেখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এবং গাজী টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
আহ্বায়ক কমিটিতে সদস্য রয়েছেন:- একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, “সংবাদ প্রকাশনা শিল্পে যারা সম্পাদকীয় নেতৃত্ব দেন তাদের সংগঠন এটি। কাজেই এ সংগঠনের মূল কাজ হবে একটা কোড অব এথিক’স অর্থাত্ নৈতিকতার মানদণ্ড নিয়ে একটি নীতিমালা তৈরি করা, যেটি এখন একেবারেই অনুপস্থিত। “সংগঠনের আরেকটি কাজ হল সম্পাদকীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত উত্কর্ষতার জন্য কাজ করা।” তিনি বলেন, “মূল উদ্দেশ্যে হল, সংবাদ মাধ্যমগুলোকে তথা পেশাদার সাংবাদিকদের নৈতিক বিষয়গুলো নিয়ে কাজ করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্বশীলভাবে সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা ও দিকনির্দেশনা দেওয়া।” জুলফিকার রাসেলের সমন্বয়ে বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এডিটরস গিল্ড’র প্রথম সভা অনুষ্ঠিত হয়।