তিন পুলিশ ক্লোজড
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া থানা থেকে পালিয়েছে এক ইয়াবাপাচারকারী। তার নাম মোছাম্মত্ লাইজু। সে বরগুনা জেলার ছোটো গৌরিচন্না গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া থানার অভ্যন্তরে থাকা একটি টয়লেটের ভেনটিলেটর দিয়ে পালিয়ে গেছে। থানা থেকে ইয়াবা পাচারকারী পালিয়ে যাওয়ার ঘটনায় পটিয়া থানার এএসআই শামসুদ্দিন ভুঁইয়া, কনস্টেবল মো. রিয়াজ ও মহিলা কনস্টেবল মমতাজকে ক্লোজড করা হয়েছে। এর আগে পটিয়া থানার উপপরিদর্শক মোবারক হোসেন এক্সরে করে তার পেটের ভিতর ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ইয়াবা পাচারের খবর পেয়ে পটিয়া থানার উপপরিদর্শক মোবারক হোসেন অভিযান চালিয়ে লাইজু নামের ঐ মহিলাকে গ্রেফতার করেন। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, ইয়াবাসহ পুলিশ হেফাজতে থাকা লাইজু নামের এক মহিলা টয়লেটের ভেনটিলেটর দিয়ে পালিয়ে গেছে। ইয়াবা উদ্ধার ও পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা রেকর্ড হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে।