নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরা হচ্ছে না পান্ডিয়ার

  স্পোর্টস ডেস্ক

কোমরের ইনজুরি কাটিয়ে পুরোদমে ফিটনেস ফিরে না পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে ফেরা হচ্ছে না ভারতের হার্দিক পান্ডিয়ার। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার পক্ষ থেকে গতকাল শনিবার এ খবর নিশ্চিত করা হয়।

ভারতের হয়ে ১১ টেস্ট খেলা পান্ডিয়া গেল ২০১৮ সালের এশিয়া কাপ থেকেই কোমরের ইনজুরিতে ভুগছেন। এ জন্যই গেল অক্টোবরে পান্ডিয়ার কোমরে সফল অস্ত্রোপচার হয় ইংল্যান্ডে। বিসিসিআই জানিয়েছে, ২৬ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তার অস্ত্রোপচার করা সার্জন ইংল্যান্ডের জেমস অ্যালিবোনের সঙ্গে আলাপ করা হয়েছে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজেও থাকছেন না হার্দিক পান্ডিয়া। তিনি সম্প্রতি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিও আশিষ কৌশিকের সঙ্গে ইংল্যান্ডের ডাক্তার জেমস অ্যালিবোনের কাছে নিজের সর্বশেষ অবস্থা জেনে এসেছেন। পুরো ফিটনেস ফিরে পাওয়ার জন্য তিনি এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চূড়ান্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।

ইনজুরি থেকে ফিরে পান্ডিয়া ভারতীয় ‘এ’ দলের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেয়েছিলেন। রঞ্জি দলেও ডাক পেয়েছিলেন। কিন্তু, ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় খেলা হয়নি কোনোটাই। তার জায়গায় তামিলনাড়ুর অধিনায়ক বিজয় শঙ্করকে রাখা হয়েছে ভারতীয় ‘এ’ দলে।

অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে পান্ডিয়ার ফিটনেস ফিরে না পাওয়াটা নতুন করে শঙ্কার মুখে ফেলছে ভারতের বিশ্বকাপ মিশন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে জিতে গেছে ভারত। আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।