অজি ওপেনের নতুন রানি কেনিন

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে এসেই বাজিমাত্! অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গার্বিন মুগুরুজাকে ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে সোফিয়া কেনিন জানালেন স্বপ্নই সত্যি হয়েছে তার।

শুরুতে মুগুরুজাই অবশ্য এগিয়ে গিয়েছিলেন। তবে শুরুর সেটে ৪-৬ গেমে হারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কেনিনকে। পরের দুই সেটেই ৬-২ ব্যবধানে জিতে প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপাটি জিতে নেন তিনি।

শেষ ১২টি গ্র্যান্ডস্ল্যামে এ নিয়ে অষ্টমবারের মতো নতুন শিরোপাজয়ী পেতে যাচ্ছে নারী টেনিস, ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল সেমিফাইনালে বার্টি আর হ্যালেপের বিদায়ের ফলেই। তবে কেনিন জেতার ফলে ২০০৮ সালে মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সি বিজেতা পেলো অস্ট্রেলিয়ান ওপেন।

জয়ের পর কেনিন বলেন, ‘আমার স্বপ্নগুলো এখন আনুষ্ঠানিকভাবে সত্যি হলো। স্বপ্ন সত্যি হয়। যদি আপনার স্বপ্ন থেকে থাকে তাহলে সেটা তাড়া করা উচিত আপনার। এটা সত্যি হবেই।’ ২১ বছর বয়সি আমেরিকার এই তরুণী জানালেন অস্ট্রেলিয়ায় জীবনের সেরা দুটো সপ্তাহই কাটালেন তিনি। তবে শুরুতে এগিয়ে গিয়েও পুরো ম্যাচে করা আটটি ডাবল ফল্টই মুগুরুজার জন্যে কাল হয়ে দাঁড়িয়েছিল। মুগুরুজা অবশ্য সে হতাশা চেপে পুরস্কার বিতরণীতে ধন্যবাদই জানালেন সবাইকে।

তিনি বলেন, ‘আমার কোচিং স্টাফদের ধন্যবাদ। আমি বলব এখানে এই পরিবেশে খেলাটা অবিশ্বাস্য। এই কোর্টটা শক্তি বের করে আনে আপনার। এখানকার দর্শকই টুর্নামেন্টটাকে বিশেষত্ব দেয়। আমরা আপনাদের জন্যেই খেলি, খেলাটাই এমন। এখানে এসে খেলা দেখার জন্য ধন্যবাদ।