দেম্বেলে ফেরায় স্বস্তি বার্সার

স্পোর্টস ডেস্ক

লুই সুয়ারেজের চোট শীতকালীন দলবদলে বার্সেলোনাকে স্ট্রাইকারের খোঁজ করতে একরকম বাধ্যই করেছিল। লা লিগা চ্যাম্পিয়নদের সে চাওয়া অবশ্য পূরণ হয়নি। তবে দলটির জন্যে সুসংবাদ, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দেম্বেলে। কোচ কিকে সেতিয়েন ফরাসি উইঙ্গারের ফেরাকে দেখছেন শীতকালীন দলবদলে একজন নতুন ফরোয়ার্ড পাওয়ার মতো করেই।

কোচ সেতিয়েন গেলো মাসে যখন বার্সা ডাগআউটে এলেন, দেম্বেলে তখনো চোট নিয়ে মাঠের বাইরে। ফলে, স্প্যানিশ এই কোচের অধীনে কখনোই খেলা হয়নি তার। এ কারণেই দেম্বেলের ফেরাকে একটু ভিন্ন দৃষ্টিতেই দেখছেন সাবেক রিয়াল বেতিস কোচ, ‘দেম্বেলেকে নিয়ে আমরা উচ্ছ্বসিত, সে শীতকালীন দলবদলের খেলোয়াড়টা হতে পারে। আপনি জানেন না কিভাবে ব্যাপারগুলো ঘটে। এটা পরিষ্কার যে তার সেরে ওঠাটা দারুণভাবে কাজে দিতে পারে।’

মাঠে ফিরতে মরিয়া দেম্বেলে অনুশীলনেও ঢেলে দিচ্ছেন নিজের সেরাটা। কোচ সেতিয়েন জানালেন, অনুশীলন সেশনে ফরাসি এই ফরোয়ার্ডের তীব্রতা চোখে পানি এনে দিয়েছিল তার। স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্তকে তিনি বলেন, ‘দেম্বেলের সঙ্গে এখনো কথা হয়নি। বেশির ভাগ খেলোয়াড়ের মতো তারও উন্নতির অনেক জায়গা আছে।’

তিনি আরো যোগ করেন, ‘একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে তারা এখনো তরুণ। আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে, তাদের নিবেদন সর্বোচ্চ পর্যায়েই আছে এবং এতে কোনো প্রকার ঘাটতি নেই। অনুশীলনে যখন তার সামর্থ্য আর তীব্রতা দেখেছিলাম তখন আমি কেঁদেই ফেলেছিলাম।’

সুয়ারেজের চোট এমনিতেই বার্সেলোনার স্কোয়াডে বড়োসড়ো ধাক্কা হয়েই এসেছে। এমন অবস্থায় দেম্বেলের ফেরা সেতিয়েনের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমাবে। তাই চোট সেরে মাঠে যখন ফিরবেন বড়ো প্রভাবই ফেলবেন দেম্বেলে, এমনটাই আশাবাদ সেতিয়েনের। তবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ডের আজ লেভান্তের বিপক্ষে ম্যাচে শুরুতেই মাঠে নামার সম্ভাবনা কম।

আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে হেরে লা লিগার দ্বিতীয় স্থানে নেমে যাওয়া বার্সার সামনে জয়ে ফেরার সুযোগ আজ। যদি গতকাল শনিবারের ম্যাচে রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে থাকে তবে শীর্ষে ফেরার সুযোগও তৈরি হবে দলটির সামনে।