রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে ভোট কেড়ে নেওয়া হয়েছে

ইসিতে বিএনপির অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় সব সংস্থাকে ব্যবহার করে জনগণের ভোট কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এর আগে বিএনপির প্রতিনিধি দল ভোটকেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, জালভোট দেওয়াসহ বিভিন্ন অভিযোগ সংবলিত চিঠি দেয় সিইসিকে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ যা বলে দেশের মানুষ তা বিশ্বাস করছে না বিধায় তাদের ভোট কেন্দ্র দখল করতে হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোটচুরির ব্যবস্থা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কমিশনকে রাষ্ট্রীয় সব সংস্থাকে ব্যবহার করে মানুষের ভোট কেড়ে নেওয়া হয়েছে।

ইভিএম এ ভোটগ্রহণে অনিয়ম হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, পুরো নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের অনাস্থা সৃষ্টির জন্য ইভিএম অনেক বড়ো ভূমিকা রাখছে। এ নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারকে এক শতাংশ ব্যালট ইস্যু করার যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ইভিএম আনার পেছনে অসত্ উদ্দেশ্য প্রমাণ হয়েছে। চট্টগ্রাম উপনির্বাচনে ইভিএমের পাইলটিং করা হয়েছে। আর সিটি নির্বাচনে ফাইনাল করা হয়েছে।

আমীর খসরু বলেন, অনেক কেন্দ্রের ইভিএমের ব্যালটে ধানের শীষের প্রতীকও ছিল না। ভোটাররা প্রতীক খুঁজে পায় নি। অনেক মেশিন নষ্ট ছিল। যেসব জায়গায় মেশিন নষ্ট ছিল, সেখানে ৪০ শতাংশ ভোট পড়েছে। আর যেখানে ভালো ছিল, সেখানে ১০ শতাংশও ভোট পড়েনি।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে সকালে প্রধানমন্ত্রী একজন মেয়র প্রার্থীকে সঙ্গে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে শুধু যে আচরণবিধি ভঙ্গ হয়েছে তা নয়, রাজনীতিকভাবে দেশের জন্য খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে। এভাবে নির্বাচনকে প্রভাবিত করার পর আর কিছু থাকে না। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা যে বার্তা পাচ্ছে, তাতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে না। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের শত শত বহিরাগত কর্মীরা দাঁড়িয়ে ছিল। যাদের ঢাকা শহরে থাকার কথা ছিল না, ভোট কেন্দ্রের সামনে থাকার কথা ছিল না। সমস্ত বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আনা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী পরপরই বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভোটারদের মনে তারা আস্থা সৃষ্টি করতে পারেনি। এ জন্য ভোট কেন্দ্রে ভোটার কম ছিল।