ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে বিক্ষিপ্ত সহিংসতা, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন ধরনের ৪৫টি ঘটনার তথ্য পেয়েছে নির্বাচন কমিশনের মনিটরিং সেল। ঐসব ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়া হলে তারা তাত্ক্ষণিকভাবে সমাধান করেছেন। নির্বাচন ভবনে অবস্থিত দুই সিটির নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় সেল এসব তথ্য জানিয়েছে। ভোটের মাঠে থাকা নির্বাচন কর্মকর্তাদের ‘পরিস্থিতি প্রতিবেদনে’ ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে ইসিকে জানিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভোটগ্রহণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ভোটগ্রহণ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নির্বাচন নিয়ে অভিযোগ পাইনি।
মনিটরিং সেল সূত্রে জানা গেছে, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ পরিস্থিতি মনিটরিং করা হয়। দুই সিটির রিটার্নিং, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন মনিটরিং সেলের কর্মকর্তারা। সারাদিনে আইনশৃঙ্খলা সংক্রান্ত ৪৫টি ঘটনার অভিযোগ পায় মনিটরিং সেল। এছাড়া ইভিএম ত্রুটি সংক্রান্ত অভিযোগ আসে আরো কয়েকটি।
আরো জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের বড়বেরাইদ ঋষি পাড়ায় অবস্থিত ১১৭১ নম্বর কেন্দ্রের কর্মকর্তারা মনিটরিং সেলকে জানান, সেখানে অস্ত্রধারী ব্যক্তি অবস্থান করছে। ঐ তথ্যের ভিত্তিতে ঐ কেন্দ্র থেকে একজন অস্ত্রধারীকে আটক করা হয়। ঐ ঘটনায় ম্যাজিস্ট্রেটকে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে মনিটরিং সেল থেকে নির্দেশনা দেওয়া হয়। মোহাম্মদপুর থেকে জানানো হয়, সেখানে সহিংসতা হচ্ছে। ঐ ঘটনায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়। একইভাবে বিভিন্ন স্থান থেকে নানা ধরনের অভিযোগ আসে মনিটরিং সেলে।
তবে ভিন্ন তথ্য দেন নির্বাচন কর্মকর্তারা। সকাল থেকে ধাপে ধাপে পাঠানো প্রতিবেদনে ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তারা। ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম তার পাঠানো বার্তায় জানান, ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ প্রসঙ্গে জানানো হয়, ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। ইভিএমএ ভোটগ্রহণে কোনো সমস্যা নেই। কোনো ভোটকেন্দ্র স্থগিত বা বন্ধ হয়নি। একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ী বিদ্যুত্ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ব্যবহূত অডিট কার্ড হারিয়ে ফেলেছেন। ঐ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ব্যাকআপ অডিট কার্ড দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে। কোনো সমস্যা নেই। একইভাবে অন্যান্য সহকারী রিটার্নিং কর্মকর্তারাও তাদের প্রতিবেদনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করার কথা ইসিকে জানিয়েছেন।