গতকাল শনিবার ধামরাইয়ে ট্রাক চাপা পড়ে এক স্কুলছাত্র, শরীয়তপুরের ভেদরগঞ্জে অটোরিকশা চাপা পড়ে তিন বছরের একটি শিশু এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক উলটে একজন নিহত হয়েছে।
মিজানুর রহমান, ধামরাই (ঢাকা) সংবাদদাতা
শনিবার বিকালে ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া বাজারে মাটিবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মাসুদ রানা (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে প্রিন্সিপ্যাল হাফিজউদ্দিন স্কুলের নবম শ্রেণিতে পড়ত। সে উপজেলার জালসা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় জনতা চালকসহ ট্রাকটি (ঢাকা-ড-১৯৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলছাত্র মাসুদ ছুটির পর স্কুলের গাড়িতে ওঠার সময় পেছন থেকে একটি মাটির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাক ও চালক জহিরুলকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে পুুলিশে সোপর্দ করে। কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) রাসেল মোল্লা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ভেদরগঞ্জে অটোরিকশা চাপায় শিশু নিহত
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, গতকাল সকালে ভেদরগঞ্জের সখিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ইকরা মনি (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইকরা মনি উপজেলার আনু সরকার কান্দি গ্রামের জাকিরের মেয়ে। এ ঘটনায় চালকসহ অটোরিকশাটি আটক করেছে স্থানীয়রা। নিহত মনির বাবা দিনমজুর, মা অন্যের বাসায় কাজ করেন।
গোমস্তাপুরে ট্রাক উলটে নিহত এক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সজল আলী (২৫) নামে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাসিন (২৮) নামে আরো এক জন। নিহত সজল গোমস্তাপুর ইউনিয়নের কয়লার দিয়ার গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে ও আহত তাসিন একই ইউনিয়নের বাজারপাড়া গ্রামের টুটুল মিয়ার ছেলে। গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন জানান, শনিবার দুপুর একটার দিকে গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নেজুস্ট্যান্ড এলাকায় একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৭১৮) বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে আঘাত করে উলটে যায়। এতে ট্রাক শ্রমিক সজল ঘটনাস্থলে মারা যান। আহত তাসিনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।