ঢাকার দুই সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে আজ রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানান। এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শেষে গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফখরুল এ অভিযোগ করেন। ইভিএম ভোট জালিয়াতির পথ উন্মুক্ত করেছে বলে মন্তব্য করে ফখরুল বলেন, ভোট কেন্দ্রে নানা অনিয়ম, বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ মারধর করলেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ঢাকা সিটিতে তামাশার নির্বাচন হয়েছে।
ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গণমাধ্যমে বলেছেন—এজেন্টদের টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। এজেন্টদের তিনি প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন। প্রত্যেক ভোট কেন্দ্রসহ আশপাশ এলাকায় সরকারি দলের সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। ইসির একজন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। তিনি নিজেই একথা বলেছেন।
বিএনপি মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই সাতবার চেষ্টা করেও আঙুলের ছাপ মেলাতে পারেননি। এভাবে সাধারণ ভোটাররাও বিভ্রান্তে পড়েছেন। তিনি অভিযোগ করে বলেন, যেসব ভোট কেন্দ্রে শত বাধা উপেক্ষা করেও আমাদের (বিএনপি) পোলিং এজেন্টরা অবস্থান করছিলেন, বেলা ১২টার মধ্যেই তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।