হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির

সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার বিএনপির ঢাকা সকাল-সন্ধ্যা হরতালে রাস্তায় গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার রাতে এই তথ্য জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, বিএনপির যেমন হরতাল পালন করার অধিকার রয়েছে, তেমনি আমাদেরও যানবাহন চালানোর অধিকার রয়েছে। হরতালে বিএনপি যদি কোনো পরিবহনের ক্ষতি করে তাহলে এর দায়িত্ব তাদেরই নিতে হবে। তিনি আরো বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ নেই। এর মধ্যে তারা হরতাল ডেকেছে যা অযৌক্তিক। এর আগেও বিএনপি অযৌক্তিক হরতাল ডেকেছিল। তারা পরিবহন মালিকদের শতকোটি টাকার ক্ষতি করেছে। শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালের নামে কোনো বিশৃঙ্খলা হলে মালিক-শ্রমিকরা তা প্রতিহত করবে। ঢাকার সবকটি টার্মিনালে মালিক-শ্রমিকরা সতর্ক অবস্থানে থাকবে। রবিবার সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে।