স্পষ্ট হয়েছে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে স্পষ্ট হয়ে গেছে যে, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গতকাল শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও হেমনগরে ১৪ দলের পৃথক তিনটি বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে শান্তি ও স্বস্তির বাতাস বইছে। জঙ্গি দমন ও বিদ্যুত্ সমস্যা সমাধান হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে যাচ্ছে। এ কারণে আগামী নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হবেন। খুনি, ২১ আগস্টের হত্যাকারী, জঙ্গি উত্থানকারী ও পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দেশের জনগণ ভোট দিবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্নেহ-ভালোবাসা পাওয়া কামাল হোসেন, কাদের সিদ্দিকীরা এখন জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এতে দুঃখ লাগে, কষ্ট হয়। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবে। টাঙ্গাইল-২ আসনে তানভীর হাসান ছোট মনি ও জামালপুর-৪ আমনে মো. মুরাদ হোসেনকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনটি জনসভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের এসকে শিকদার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, মোহাম্মদ নাসিম বলেন, মেসির গোল মিস হবে, কিন্তু শেখ হাসিনার গোল মিস হবে না। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা তা দেখিয়ে দিবেন। এ দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। অর্থ পাচারকারী ও এতিমের হক আত্মসাত্কারীদের দলে আর ফিরে যেতে চায় না। কেউ আর আগুন সন্ত্রাসী আর জঙ্গিবাদীদের ক্ষমতায় আসতে ভোট দিতে চায় না।  গতকাল সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা। 

টাঙ্গাইল প্রতিনিধি জানান, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবির চক্র ছদ্মবেশে বিএনপির কর্মী হয়ে নির্বাচনে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ছদ্মবেশে তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিস ভেঙে ও আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।