রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সাদেক খান রোডে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য। এছাড়া নির্বাচনী সহিংসতায় ঢামেক হাসপাতালে চিকিত্সা নিয়েছেন ২০ জন। এদিকে সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
মোহাম্মদপুরের জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।
হামলার ফুটেজ দেখে ব্যবস্থা
সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহত সুমনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন র?্যাব ডিজি। এ সময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সাংবাদিক নেতারা ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জনের মতো আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।