মিয়ানমারসহ ছয় দেশ নতুন তালিকায় ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়িয়েছেন। শুক্রবার ইস্যু করা তার নতুন নিষেধাজ্ঞায় ছয়টি দেশ যুক্ত হয়েছে। মিয়ানমার নাইজেরিয়া, কিরগিজস্তান ও ইরিত্রিয়ার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। তবে পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও শ্রমিকদের সাময়িক ভিসা প্রদান এক্ষেত্রে প্রভাব ফেলবে না। সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য ডাইভারসিটি ভিসা স্থগিত করা হয়েছে। লটারির মাধ্যমে এসব দেশের নাগরিকদের ভিসা প্রদান করা হতো। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী চাদ উলফ জানিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিয়ে যথেষ্ট তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করেনি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে মানানসই নয় সেইসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বেলারুশকেও যুক্ত করা হতে পারে। এর আগে সাতটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র যার মধ্যে বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। —রয়টার্স