আবারো ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থা আধুনিক করা হবে --------------- পরিকল্পনামন্ত্রী

পরিকল্পানামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আগামীতে ক্ষমতায় আসলে দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমরা জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রোবোটিক শিক্ষা এবং মেডিক্যাল সায়েন্স থেকে শুরু করে আধুনিক ক্লাশ রুম হবে। আমাদের শক্তি যুব সমাজ। তাদেরকে উপযুক্ত শিক্ষা ও  প্রশিক্ষণ দিয়ে দেশ পরিচালনার উপযোগী করে গড়ে তুলবো। শতভাগ চাকুরির ব্যবস্থা করা হবে। আমি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি। এখন কাজ করছি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। বঙ্গবন্ধুর দেখানো   পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি।

গতকাল শনিবার নাঙ্গলকোটের ময়ুরা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটি গ্রামকে শহরে রুপান্তর করা হবে। আমাকে একটি ভোট দিলে সেটি প্রধানমন্ত্রী পাবে। বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষের চিন্তা চেতনা পাল্টে গেছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে আমরা আরো বিকশিত করে ১০গুণ উন্নয়ন বাড়িয়ে দেবো। বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিবেন। নাঙ্গলকোটের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আগামীতে এ নির্বাচনী এলাকাকে এমনভাবে সাজাবো, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে আসে।

মৌকারা ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শিল্পপতি সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার প্রমুখ।