সংগীত ভালোবাসার জায়গা, তাই লাভের হিসেব কষি না

তরুণ সংগীতশিল্পী রাকিবা ইসলাম ঐশী। ২০১৮ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হন তিনি। সম্প্রতি সেরা নবাগত সংগীতশিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান ঐশী। ক্যারিয়ারের প্রথম স্বীকৃতির ভালোলাগা, বর্তমান ব্যস্ততা ও গান নিয়ে অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন। শুরুতে এই প্রসঙ্গে জানতে চাই—

নবাগত সংগীতশিল্পী হিসেবে পুরস্কারটি পেয়েছি। অনেকটা স্বপ্নের মতো ছিল বিষয়টি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এদেশের সম্মানজনক একটি স্বীকৃতি। ক্যারিয়ারের শুরুতে এমন একটি সম্মাননা আমার জন্য অনেক বড় একটি বিষয়। ‘দিন কেটে যায়’ শিরোনামে গানটির জন্য এই স্বীকৃতি পাই। গানটির কথা ও সুর মেজবাহ বাপ্পীর আর সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী।

 

গান নিয়ে বর্তমান ব্যস্ততা কেমন চলছে?

খুব বেশি ব্যস্ততা চলছে না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা নিয়েই এখন বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। তবে এর মাঝেও সময় মিলিয়ে কাজ করতে হচ্ছে। এ বছর আমার বেশ কয়েকটি গান রিলিজ পাবে। এরইমধ্যে সম্প্রতি একটি গান রিলিজ পেয়েছে। ‘তোমার সময় মেলে না’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন লুত্ফর হাসান। সংগীতায়োজন করেছেন জন। সামনে আরো কিছু কাজ আসবে।

 

যেহেতু ক্যারিয়ার মাত্র শুরু হলো, কোন ধরনের গান দিয়ে নিয়মিত হতে চান?

আধুনিক গান আমি করছি। এটি নিয়ে এগুতে চাই। পাশাপাশি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত আমার বেশ পছন্দ। তাই এই গানগুলোও করতে চাই।

 

দেশের সংগীতাঙ্গনের অবস্থা খুব একটা আশানুরূপ নয়। এমন সময় নতুন হিসেবে ক্যারিয়ারের পেশাদার জায়গাটা কীভাবে দেখেন?

সংগীত ভালোবাসার জায়গা, তাই লাভের হিসেব কষি না। এছাড়াও এই বিষয়ে পড়াশোনাও করছি। গান করে যাবো এবং এমন কিছু গান করতে চাই, যা আমার ক্যারিয়ারের সিগনেচার হয়ে থাকবে। স্টেজে যেন আমার গান শ্রোতাদের শোনাতে পারি।