এগিয়ে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের তৃতীয় দিনটি ছিল ব্যাটসম্যানদের দাপটে ঠাসা। গতকাল দুই ভেন্যুতেই বোলাররা পিস্ট হয়েছেন ব্যাটসম্যানদের রান মিছিলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবাল করেছেন ট্রিপল সেঞ্চুরি। গতকাল অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তিনি। ১৩ বছর পর রকিবুল হাসানের রেকর্ড ভেঙে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন তামিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন তিন ব্যাটসম্যান। গতকাল শাহরিয়ার নাফিস, শামসুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেন। ব্যাটসম্যানদের এমন সোনাঝরা দিনের শেষে মিরপুরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও চট্টগ্রামে দক্ষিণাঞ্চল এগিয়ে আছে।
তামিমের ট্রিপল সেঞ্চুরিতে ২ উইকেটে ৫৫৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে পূর্বাঞ্চল। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১৫ রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। রকিবুল হাসান ১৬ ও শহীদুল ৭ রানে ব্যাট করছেন। গতকাল তৃতীয় দিন শেষে ২২৭ রানে এগিয়ে থাকা পূর্বাঞ্চল জয়ের সুবাসই পাচ্ছে।
সাগরিকায় তিন সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। ৪৫৪ রানের টার্গেটে খেলতে নেমে উত্তরাঞ্চল বিনা উইকেটে ২২ রান তুলেছে। মিজানুর রহমান ১৫, রনি তালুকদার ৭ রানে অপরাজিত আছেন। ৪৩২ রানে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল।
মিরপুরে গতকাল কোনো উইকেট না হারিয়ে ১৬০ রান যোগ করে পূর্বাঞ্চল। যার মধ্যে ১১২ রানই করেছেন তামিম। লাঞ্চের আগেই ২৫০ পূর্ণ করেন তিনি। ২৭৯ রান নিয়ে লাঞ্চে যান তিনি। লাঞ্চের পর ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন। করতালি মুখর মিরপুর স্টেডিয়ামে উপস্থিত সবাই অভিনন্দন জানান তামিমকে। দুই ওভার পরই রকিবুলের ৩১৩ রান টপকে গিয়ে ইতিহাস গড়েন এই বাঁহাতি। এগিয়ে এসে তামিমকে অভিনন্দন জানান রকিবুল, মধ্যাঞ্চলের খেলোয়াড়, আম্পায়াররাও। এরপর আর বেশি সময় নেননি পূর্বাঞ্চল অধিনায়ক মুমিনুল। ইনিংস ঘোষণা করে দেন চা বিরতির আগেই।
দুই দিনে ৪২৬ বল খেলেছেন তামিম, উইকেটে ছিলেন ৫৮৫ মিনিট। অপরাজিত ৩৩৪ রানের ইনিংসে মেরেছেন ৪২টি চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলীর সঙ্গে গড়েছেন ২৬৩ রানের জুটি। ইয়াসির আলী অপরাজিত ৬২ রান করেন। ৩৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে সুবিধা করতে পারেনি মধ্যাঞ্চল। প্রায় দুই দিন ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে এসে ১০৬ রানে ৩ উইকেট হারিয়েছে তারা। সৌম্য ৪, সাইফ হাসান ৩৩, শান্ত ৫৪ রান করে আউট হয়েছেন। পূর্বাঞ্চলের নাঈম হাসান ২টি, হাসান মাহমুদ ১টি উইকেট নেন।
চট্টগ্রামে গতকাল ২ উইকেট হারিয়ে ৩৫৮ রান যোগ করে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফিস ক্যারিয়ারের ১৫তম, শামসুর রহমান ১৯তম ও মাহমুদউল্লাহ ১৩তম সেঞ্চুরি করেন। শাহরিয়ার ১১১, শামসুর ১০৯ রান করেন। মাহমুদউল্লাহ দ্রুতলয়ে রান তুলেছেন। ৮টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন তিনি। আগের দিন ব্যথা পেয়ে অবসরে যাওয়া বিজয় ব্যাটিংয়ে নেমে অপরাজিত ৬৪ রান করেছেন।
তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল চালকের আসনে আছে। আজ মধ্যাঞ্চলের শেষ ৭ উইকেট দ্রুত তুলে নিতে পারলে ইনিংস ব্যবধানেও জয় পেতে পারে পূর্বাঞ্চল। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে দক্ষিণাঞ্চলকে অবশ্য উত্তরাঞ্চলের ১০ উইকেটই নিতে হবে জয়ের স্বাদ পেতে হলে।