অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ জানুয়ারি সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড বাংলাদেশের চেনা। এই দলটির বিপক্ষে তাদের মাটিতে গত অক্টোবরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে এসেছে আকবর আলীর দল। এখন সেমিফাইনালে সেই জয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর আশা করছেন দলের অন্যতম ব্যাটসম্যান শাহাদাত হোসেন।
সেমিফাইনালের আগে এই ব্যাটসম্যান বলছিলেন, ‘আমরা কোয়ার্টার ফাইনাল আল্লাহর রহমতে ভালোভাবে শেষ করেছি। সেমিফাইনাল খেলা নিউজিল্যান্ডের সঙ্গে। ওদের দলটা আমাদের চেনাজানা। আমরা ওদের ওখানে কিছুদিন আগেই ট্যুর করেছি। আশা করি ওদেরকে আমাদের যে চেনা আছে, এটা কাজে লাগবে। আমরা অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারব। ওদের বোলারদের বিপক্ষে, ব্যাটসম্যানদের বিপক্ষে যে রকম খেলে আসছি, সেটা কাজে লাগবে।’
শাহাদাত বলছিলেন, তাদের দল পুরো প্রস্তুত সেমিফাইনালের জন্য, ‘আমাদের দল খুব ভালো প্রস্তুত আছে। গত দুই বছর ধরে আমরা ভালো খেলছি। আমরা কয়েকটা ভালো সফর করেছি। নিউজিল্যান্ডে, ইংল্যান্ডে গেছি। এসব জায়গায় ভালো খেলেছি। আশা করি, সেই অভিজ্ঞতাটা এবার কাজে দেবে। সবাই আত্মবিশ্বাসী আছে।’
শাহাদাত আশা করেন, সেমিফাইনালের চাপ তাদের চেপে ধরবে না, ‘এইসব খেলায় চাপ নিলে তো চাপ। আমরা চেষ্টা করব সাধারণ একটা ম্যাচের মতো খেলার। কিন্তু সেমিফাইনাল খেলার একটা আলাদা গুরুত্ব তো আছেই। সেই চাপটা না নিয়ে সাধারণ ম্যাচের মতো খেলার চেষ্টা করব।’