দুই বাসের চালকের বিরুদ্ধে আদালতে চার্জশিট

তিতুমীরের শিক্ষার্থী রাজীবের মৃত্যু

কোর্ট রিপোর্টার

দুই বাসের রেষারেষিতে হাত হারানো পর চিকিত্সাধীন অবস্থায় তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। বিআরটিসি ও স্বজন পরিবহনের দুটি বাসের বেপরোয়া ঐ দুই বাসচালককে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। গতকাল রবিবার ঢাকার মহানগর হকিম ইলিয়াস মিয়া স্বাক্ষরপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। অভিযোগ তদন্তে বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক ইদ্রিস আলী। মামলা দায়েরের পর আসামিরা গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। এখন জামিনে আছে বলে প্রসিকিউশন সূত্র নিশ্চিত করেছে।

২০১৮ সালের ৩ এপ্রিল দুপুর বেলা বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। রাজধানীর কাওরান বাজার হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে স্বজন পরিবহনের একটি বাস একদম ঘেঁষে বেপরোয়া গতিতে ওভারটেক করে। প্রবল চাপে রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হলে মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে। এতে মাথাতেও মারাত্মক আঘাত পান। শমরিতা হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় ১০ এপ্রিল ভোরে সংজ্ঞা হারান। প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।