রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। হরতাল উপলক্ষ্যে রাস্তায় বিএনপি সমর্থকদের জটলা দেখা যায়নি। রাস্তায় গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। বাসযাত্রীরা নিশ্চিন্তে বাসে চড়েছেন। অফিসগামী মানুষকে রাস্তায় স্বাভাবিক যাতায়াত করতে দেখা গেছে। তবে গতকাল সকালে হরতালের প্রথম প্রহরে কয়েকজন নেতাকর্মী নিয়ে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বসে পড়েন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার ফটকে। তারা হরতালের পক্ষে এবং নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বিএনপির নেতাকর্মীদের সংখ্যা বাড়ে। অপরদিকে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরতাল সফল করতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালন করছিল। বেলা ১১টা ৫০ মিনিটে দলের নেতাকর্মীদের আধাঘণ্টার মধ্যে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেন মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম। তখন রিজভী পুলিশের কাছ থেকে ১০ মিনিট সময় চান। কিন্তু দুপুরে খাবার ও নামাজের কথা বলে ৭ মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করেন তিনি। রিজভীর এমন আচরণে দলের নেতাকর্মী, উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, দলের সিনিয়র হয়ে রিজভীর এমন আচরণ দুঃখজনক। যেখানে পুলিশ আধাঘণ্টা সময় দিচ্ছে, তখন তার ১০ মিনিট সময় চাওয়ার কারণ কী? আবার ১০ মিনিট সময় নিয়ে ৭ মিনিটে কেন কর্মসূচি শেষ করতে হবে? তার কোনো সমস্যা থাকলে চলে যেতে পারতেন।
বিএনপির নেতাকর্মীদের ফুটপাত থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম বলেন, অতীতে আমরা দেখেছি এমন ক্ষুদ্র কর্মসূচি পরে সহিংসতায় রূপ নেয়। তাদের পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি আছে কিনা জানতে চাইলে, সুনির্দিষ্ট কোনো জবাব তারা দিতে পারেনি। যেহেতু তাদের কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই, তাই আমরা তাদের আধাঘণ্টা সময় দিয়েছি চলে যাওয়ার জন্য। তারাও বলেছে দ্রুত চলে যাবে।
অবস্থান কর্মসূচি শেষ করার সময় রুহুল কবির রিজভী বলেন, আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে যে ভোট জালিয়াতি হয়ে গেল তার প্রতিবাদ জানাতেই আমাদের এ কর্মসূচি। এদেশের ১৬ কোটি মানুষের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার আটকে রেখেছে। আমরা এর প্রতিবাদ করছি। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সকাল সাড়ে ৯টায় উত্তরার বাসা থেকে মোটরসাইকেলে করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তারপর সাংবাদিকদের অনুরোধে তিনি ১০ মিনিটের মতো কার্যালয়ের সামনে বসেন। পরে সাংবাদিকরা তার ছবি তুললে তিনি কার্যালয়ের তিন তলায় চলে যান।