নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি ------------মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সিটি নির্বাচনে পাঁচ শতাংশের বেশি ভোট পড়েনি। যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটা একটা তামাশা। আমার কাছে রিপোর্টগুলো আছে। ম্যাক্সিমাম পাঁচ-ছয় শতাংশ অথবা সাত শতাংশ ভোট পড়েছে।’

তিনি বলেন, ‘ঢাকার দুই সিটির নির্বাচন মিডিয়া কারচুপির মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। এক কথায় এই নির্বাচন সম্পূর্ণভাবে বানোয়াট নির্বাচন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি।’  গতকাল রবিবার দিনব্যাপী হরতাল পালনের পর বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনে আবার প্রমাণিত হয়ে গেল বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ওপরে জনগণের কোনো আস্থা নেই। এই নির্বাচনের মধ্যে দিয়ে আর একবার প্রমাণিত হয়ে গেল বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে।’